রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পৃথক তিন জায়গায় চারজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে রাজশাহী জেলার পুঠিয়ায় একজন, গোদাগাড়ীতে একজন এবং চারঘাট উপজেলায় দুজন নিহত হন। 

নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) এবং গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে জুয়েল রানা (২৭) ও নাটোর সদরের কানাইখালী এলাকার হারুনুর রশীদ (৩৫) ও গুরুদাসপুর থানার শ্যামপুরের আব্দুল মালেকের ছেলে ময়েজ উদ্দীন (৩৩)।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, নিহত নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি। অপর এক ব্যক্তির সঙ্গে তিনি মোটরসাইকেলে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে পুঠিয়া থেকে রাজশাহী যাচ্ছিলেন।

পথে উপজেলার বানেশ্বর এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল মারা যান। এরপর স্থানীয়রা মিজানুর রহমান বাবু নামের অপর এক আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

এদিকে রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মুরগি ব্যবসায়ী জুয়েল।

এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে তার মরদেহ  উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে চারঘাটের শিশুতলা এলাকায় চারঘাট-বানেশ্বর সড়কে বালুর ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। 

চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, দুজন মোটরসাইকেল আরোহী চারঘাট থেকে বানেশ্বর যাচ্ছিল। শিশুতলা এলাকায় তারা পৌছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হারুনুর রশীদ ও ময়েজ উদ্দীন নিহত হন।

এমআর