চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) দক্ষিণ কোরীয় একটি কোম্পানির জ্যাকেট তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার ভোর রাতে ইপিজেডের এক নম্বর রোডের দুই নম্বর সেক্টরে ইয়ংওয়ান কোম্পানির কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় শিতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দশটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিশ্বান্তর বড়ুয়া জানান, তৃতীয় তলায় দেয়ালের বাইরের দিকে লাগানো এসির কম্প্রেসর ইউনিটে লাগা আগুন পাইপের ভেতর দিয়ে ভেতরে ছড়িয়ে পড়ে।

“আগুনে কারখানার কাটিং মেশিন, আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।”

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন বলে জানান তিনি।

এএইচ