জেলা কার্যালয় থেকে রোববার বিকেলে দশ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৯তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল শেষে তাদের আটক করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তুলনামূলক বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীরা মিলাদে অংশ নিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাদআসর মিলাদের শুরুতেই কোতয়ালী থানার ওসি ইনামুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বিএনপি অফিসের সামনে অবস্থান নেয়। মিলাদ শেষ হলে পুলিশ বিএনপি অফিসে ঢুকে নেতাকর্মীদের আটক করতে থাকে। এ সময় কিছু নেতাকর্মী পুলিশের হাত গলিয়ে বেরিয়ে যান। বাকি দশজনকে আটক করে থানায় নেয় পুলিশ। আটকদের মধ্যে তাৎক্ষণিক দুইজনের নাম জানা গেছে। তারা হলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুস সালাম আজাদ ও যুবদলের সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম বুল্লা।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, কয়জনকে আটক করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। যাচাই-বাছাই শেষে আটকের সংখ্যা জানানো যাবে।
জেআই





