সাভারের গকুলনগর এলাকায় অভিযান চালিয়ে আট হাজার কেজি ভেজাল দস্তা সার জব্দ এবং কারখানার মালিকসহ তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাবের ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকেলে আশুলিয়া থানা এলাকার পাথালিয়া ইউনিয়নে এ অভিযান চালায়।
র্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর মাসুদুর রহমান (পিএসসি) বলেন, গকুলনগর এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শকের বাড়ি ছয় মাস ধরে ভাড়া নিয়ে মো. হাসিবুল ইসলাম ভেজাল সার তৈরি করে আসছিলেন। কারখানার কার্যক্রম এক মাস ধরে পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়ার পর বুধবার বিকেলে সেখানে অভিযান চালান হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন অভিযান পরিচালনা করেন।
তিনি আরও বলেন, অভিযানের সময় কারখানা থেকে আট হাজার কেজি ভেজাল দস্তা সার জব্দ এবং কারখানার মালিকসহ তিনজনকে আটক করে তা সিলগালা করে দেওয়া হয়।
আটকরা হলেন- কারখানার মালিক কুষ্টিয়া জেলার সদর থানার চোরহাস গ্রামের মৃত সোনা উল্লাহ শেখের ছেলে মো. হাসিবুল ইসলাম (৩৬), গকুলনগর এলাকার মো. ভাচালি ব্যাপারির ছেলে মো. নবী হোসেন (৪৫) ও মৃত জহর আলীর ছেলে মো. শফিক মিয়া (৪৫)।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, আটকদের মধ্যে কারখানার মালিককে দুটি মামলায় মোট আড়াই বছরের কারাদণ্ড এবং দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দুই শ্রমিককে ৫০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেআই





