গাইবান্ধার সুন্দগঞ্জের বেলকা হইতে গাইবান্ধা সড়কের বেলকা চৌরাস্তা মোড় নামক স্থানে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে পরিণত হয়। বেলকা এসএসসি পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কে এ অবস্থার সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের চলাফেরায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেহাল দশার এই সড়কে গত ৩ দিনেও কোনো সমাধান হয়নি।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে অসময়ে বয়ে যাওয়া ঝড় হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধনসহ রাস্তা-ঘাটে অসংখ্য খানা-খন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আলু, পিঁয়াজ, রসুন, ভুট্টা, কুমড়া, বাদাম, তিল, তিশি, তামাকসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। আলু খেতে পানি জমে থাকার কারণে ইতোমধ্যে আলুর পচন ধরেছে।

তারাপুর ইউনিয়নের আলু চাষি শহিদার রহমান জাহাঙ্গীর, সর্বানন্দের শাহজাহান মিয়া জানান, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আলু খেতে গিটা পানি জমে যাওয়ার কারণে ইতোমধ্যে আলু পচতে শুরু করেছে। এতে করে ব্যাপক ক্ষতিসাধনের সম্ভাবনা রয়েছে। একদিকে আলুর দাম কম অন্যদিকে বৃষ্টির কারণে আলু পচে যাওয়ায় লাভ তো দূরের কথা লোকসান গুণতে হবে।

এদিকে বিভিন্ন কাঁচা-পাকা সড়কে পানি জমে যাওয়ার কারণে কর্দোমাক্তের সৃষ্টি হয়েছে। যার কারণে এসএসসিসহ সমমানের পরীক্ষার্থী এবং সাধারণ পথচারিদের চলাফেরা মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে পড়েছে। বেলকা-গাইবান্ধা সড়কের বেলকা চৌরাস্তা মোড় নামক স্থানে গোটা সড়কে কাদায় পরিণত হওয়ায় ঐ রুটে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল হক প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নিজেই ঐ স্থানটি পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান করা হবে।

কেএইচ