মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, ভোরে নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনার পর নাটোর-পাবনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ধীরে ধীরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এনএইচ
















