গাইবান্ধায় ২০ দলীয় জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। রোববার সকাল থেকে এখন পর্যন্ত হরতালের সমর্থনে জোটের কোনো নেতা-কর্মীকে রাস্তায় দেখা যায়নি। সকাল ৬টায় শুরু হওয়া এই হরতাল দুপুর ২টায় শেষ হবে।
হরতালে রিকশা ভ্যান চলাচল স্বাভাবিক থাকলেও বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। হঠাৎ করে হরতালের কবলে পড়া মানুষজন বাসটার্মিনালে এসে বিপাকে পড়েছেন। তাদের কেউ কেউ বেশি ভাড়া দিয়ে অটোরিকশা, টেম্পুসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
এ দিকে হরতালে যে কোন ধরনের নাশকতা এড়াতে শহরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।
শনিবার জোটের কেন্দ্রীয় কর্মসূচিতে গাইবান্ধায় নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এই অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়।
জেএ





