জামায়াতের নায়েবে আমির মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিলের রায় ঘোষণা করা হবে বুধবার।
এরই পরিপ্রেক্ষিতে সাঈদীর নিজ জেলা পিরোজপুরে সম্ভাব্য নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।
এছাড়াও পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে শহরের গুরুত্বপূণ্য স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শহরের কোথাও এই বিচারের পক্ষে বিপক্ষে বা কোনো রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়নি।
পিরোজপুরের পুলিশ সুপার আবিদ আহসান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়াও মামলার সাক্ষিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সন্ধ্যায় জরুরি ভিত্তিতে কোর কমিটির সভা আহ্বান করেছে।
পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় তারা সরকারের কাছে বিজিবি চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





