সিলেটে চা শ্রমিকরা বিমানবন্দর সড়ক অবরোধ করেছে। দুই শ্রমিকের মুক্তি ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এ সড়ক অবরোধ করা হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে আধাঘণ্টা ওই সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর আগে তারা নগরীতে বিক্ষোভ মিছিল করে।

প্রত্যদর্শীরা জানান, শুক্রবার রাতে কালারগুল চা-বাগানের দুই শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে ট্রেড ইউনিয়ন সংঘের ব্যানারে নারী-পুরুষ নির্বিশেষে চা শ্রমিকরা বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকায় সড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে।

সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক রুপক দাস ও কৃষক সংঘের জেলা আহ্বায়ক নুরুল ইসলাম মকবুলকে গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।

তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে রাবার শ্রমিক ধর্মঘট ছাড়াও কালারগুল, আলীবাহার, মালনিছড়া, তেলিহাটি চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, আটক শ্রমিকদের ছাড়িয়ে নেওয়া ও বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিদাওয়া আদায়ে চা শ্রমিকরা সড়ক অবরোধ করে।

আটককৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় চা শ্রমিকরা।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ