কুমিল্লার চান্দিনায় ২০ দলীয় জোটের মতবিনিময় সভাকে কেন্দ্র করে বিএনপি ও এলডিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার বেলা ২টায় এ সংঘর্ষ ঘটে। এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে বহনকারী গাড়িটিও (কুমিল্লা-ঘ-১১-০০৩৫) ভাঙচুর করা হয়।
গাড়ির সামনের সিটে ড. রেদোয়ান আহমেদ বসা ছিলেন। গাড়ির সামনের গ্লাসটি ভাঙলেও ড.রেদোয়ান আহমেদ অক্ষত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করে প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে কুমিল্লা উত্তর রাজনৈতিক জেলার ২০ দলীয় জোটের বিভিন্ন শরীক দলের নেতা-কর্মীরা চান্দিনা পূর্ব বাজারে অবস্থিত কুমিল্লা উত্তর জেলা বিএনপি কার্যালয়ে এসে জড়ো হয়। এলডিপি জোটের শরীক দল হলেও তাদেরকে ওই সভায় আমন্ত্রণ জানানো হয়নি। বেলা ১টার দিকে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ্ বুলু সভাস্থলে আসেন। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এলডিপি নেতা-কর্মীদের নিয়ে বিএনপি অফিসের সামনে আসলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ড. রেদোয়ান আহমেদের গাড়ি ভাঙচুর করে। পরে বিএনপি নেতা-কর্মীদের প্রতিরোধে এলডিপি নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ জানান, সভা শুরু হলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ্ বুলু আমাকে ফোন করে সভাস্থলে আসতে বলেন। আমি এলডিপির জেলা ও উপজেলা নেতা-কর্মীদের নিয়ে বিএনপি অফিসের নিকট আসা মাত্রই বিএনপির নেতা-কর্মীরা এলডিপি নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তারা আমার গাড়িও ভাঙচুর করে।
চান্দিনা থানার ওসি মো. গোলাম মোর্সেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





