শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।এর আগে বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত পরিচয়ের যুবক।
অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ছয়টা ২৭ মিনিটের দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।
এদিকে, তার জন্য ৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরও ১৫ জন শিক্ষার্থী রক্ত দেয়ার জন্য হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের সামনে অপেক্ষা করছেন।
এ তথ্য জানিয়েছেন রক্ত পরিসঞ্চালন বিভাগের অফিস সহকারী নাজিমুদ্দিন।শাবিপ্রবির কোষাধ্যক্ষ ইলিয়াস চৌধুরী বলেন, আপাতত শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এমঅার





