২৬তম কমওয়েলথ পার্লামেন্টারি সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সেমিনারে অংশ নেওয়া ৩৭ জন পার্লামেন্টারিয়ান মঙ্গলবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

কমনওয়েলথভুক্ত নয়টি অঞ্চলের বিভিন্ন দেশের ২৮টি শাখার প্রায় ৫০ জন পার্লামেন্টারিয়ান ও প্রতিনিধি এ সেমিনারে যোগ দিয়েছেন।

সেমিনারে অংশ নেওয়া দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, ঘানা, মালাউয়ি, কেনিয়া, মালদ্বীপ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, কানাডা, জ্যামাইকা, ভারত, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানান।

বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করায় সিপিএকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

“এই ধরনের সেমিনার হওয়া বাংলাদেশের জন্য গৌরবের,” বলেছেন তিনি।

সোমবার রাজধানীতে শুরু হওয়া এই সেমিনার চলবে আগামী ২১ মে পর্যন্ত । সেমিনারের মূল প্রতিপাদ্য ‘সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ’।

এই প্রতিপাদ্য বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সিপিএভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এতে করে বিশ্বব্যাপী গণতন্ত্র শক্তিশালী হবে।

তিনি বলেন,“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ২১ বছর পর বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয় এবং গণতন্ত্র এখন দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।”

বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা ও উপনেতা নারী হওয়ার বিষয়টি উল্লেখ করে সেমিনারে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব চালু করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা।

১৯৮৭ সালে জিব্রাল্টারে অনুষ্ঠিত সিপিএ নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর কমনওয়েলথের বিভিন্ন অঞ্চলে এই বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে জাম্বিয়ায়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ২০১৬ সালে ২৭তম সেমিনার অনুষ্ঠিত হবে।

এএইচ