ঈদের ছুটিতে সবাই ছুটে চলেছে নাড়ীর টানে। তাই কমলাপুর স্টেশনের রেলগাড়ি ছেড়ে যাওয়ার শিডিউল  এলোমেলো হয়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে শুরু হওয়া ট্রেন সার্ভিসে ২৪ ও ২৫ জুলাই সঠিক সময়ে রেল পরিচালনা করতে পেরেছে কমলাপুর স্টেশন। কিন্তু ২৬ জুলাই থেকে শিডিউল ঠিক রাখতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। ২৭ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত এই চিত্র দেখা গেছে। যা ক্রমান্বয়ে বাড়ছে।

ঈশা খান ট্রেনের যাত্রী হামিম সরকার বলেন, ‘শুনছিলাম এইবার খুব নিয়ম মতো ট্রেন চলবো, অহন তো দেহি আমার ট্রেনই লেইট।’

সকাল ছয়টা ২০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও ছয়টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী শাকিল আহমেদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। যাত্রা পথের মাঝখানে থাকা শাকিল আহমেদ বলেন, ‘বিশ মিনিট লেইটে ছাড়লেও ট্রেনের পরিবেশ খুব সুন্দর। বিশেষ করে গতবারের তুলনায় অনেক আরামদায়ক।’

রবিবার ভোর পাঁচটা ১০ মিনিট থেকে দুপুর ১২ পর্যন্ত ১৭টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে গেছে। এর মধ্যে রাজশাহীগামী ধূমকেতু ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী যথাক্রমে তিন ঘণ্টা ও দেড় ঘণ্টা দেড়িতে ছাড়ে। এছাড়া বাকি ট্রেনগুলোর বেশিরভাগই সময় মতো ছেড়েছে। কোনো কোনোটি ১৫-২০ দেরি করে ছেড়েছে।

এখন নতুন করে দেরির কবলে পড়েছে চট্টলা এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস ও ঈশা খান এক্সপ্রেস। যথাক্রমে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ এবং ময়মনসিংহগামী এই ট্রেন তিনটি সকাল ১১টা, ১১.২০ এবং ১১.৩৫ এ কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কমলাপুর ছেড়ে যায়নি।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। তিনি বলেন, ‘ধূমকেতু ছাড়ার কথা ছিল সকাল ছয়টায়, ছেড়েছে সকাল নয়টায়। মহানগর প্রভাতী ছাড়ার সময় ছিল সকাল ৭টা ২০ মিনিটে, ছেড়েছে ৯টা ১০ মিনিটে। এছাড়া বাকি ট্রেনগুলো মোটামুটি সময়মতো কমলাপুর ছেড়ে গেছে। তবে দু-একটি ট্রেন দশ-পনের মিনিট বিলম্বে ছেড়েছে।’ রবিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ছিল কমলাপুর রেলস্টেশনের অবস্থা।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ