সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের ফাঁসির দাবিতে  আন্দোলনের মুখপাত্র ফজিলাতুন্নেসাকে কুপানোর হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মায়ের মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়। ফজিলাতুন্নেসা সিলেট সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ফজিলাতুন্নেসা বলেন, 'অপরিচিত একটি নম্বর থেকে আম্মুর মোবাইল ফোনে কল দিয়ে আমাকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়। অন্যথায় তাকেও খাদিজার মত কুপানো হবে বলে হুমকি দেয়।'

এ হুমকির পর থেকে ফজিলাতুন্নেসার পরিবারের লোকজনদের মধ্যে দেখা দিয়েছে উৎকন্ঠা। এ খবর জানাজানির পর চাপা ক্ষোভ বিরাজ করছে মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে।

তবে এ ব্যপারে ফজিলাতুন্নেসা বলেন, 'হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসির আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে।'

প্রসঙ্গত, সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা সোমবার বিকেলে সিলেট এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

এদিকে খাদিজার ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পিটুনি দেয়।

খবর পেয়ে শিক্ষার্থীদের হাত থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় পুলিশ। এদিকে বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বদরুল আলম।

এমবি/কেবি