বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া বগুড়া-৬ (সদর) আসনে জয় পেলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।

সোমবার রাতে নির্বাচন কমিশন তাকে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী গোলাম মোহাম্মদ সিরাজ ভোট পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট তার নিকটতম আওয়ামী লীগের এসএম টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট।

খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনে গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এবারই প্রথম বগুড়া-৬ নির্বাচনী এলাকার ১৪১ কেন্দ্রে’র ৯৬৫ কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণে তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এই উপনির্বাচনে উল্লেখিত দুই প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে ৭ হাজার ২৭১, মুসলিম লীগের রফিকুল ইসলাম হারিকেন প্রতীকে ৫৫৪, বাংলাদেশের কংগ্রেসের মনসুর রহমান ডাব প্রতীকে ৪৫৬ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিনহাজ মণ্ডল আপেল প্রতীকে ২ হাজার ৯২০ ভোট পেয়েছেন।

এএস