অবশেষে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকরাআমরন অনশন ও শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করল।
তোবা শ্রমিকদের আন্দোলনের মুখে শনিবার জাতীয় সংসদ ভবনে শ্রমিক নেতৃবৃন্দ, তোবার মালিক, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এবং বিজিএমইএ নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়।
বৈঠকের পর তোবার শ্রমিকদের জুলাই মাসের বেতন ও ওভারটাইম আগামীকাল দুপুর দুটায় বিজিএমইএ ভবনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মে ও জুন মাসের বেতন দেওয়া হয়।
তিন মাসের বকেয়া বেতন ও ওভারটাইম পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করবেন কি না এমন প্রশ্নের জবাবে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশুবলেন, আমাদের আন্দোলন সফল হয়েছে। তাই অনশন ও অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করলাম।
আন্দোলনরত এই শ্রমিকনেত্রী আরো বলেন, আমাদের প্রাথমিক পর্যায়ের আন্দোলন প্রত্যাহার করলেও তোবা গ্রুপের কারখানা শ্রমিকদের জন্য খুলে দেওয়া, সঠিকভাবে কারখানা পরিচালনা করা, প্রতি মাসে ঠিকমত বেতন দেওয়া, শ্রমিকদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি করা না হলে আমরা আবারো আন্দোলনের ডাক দেব।
উল্লেখ্য, তোবা গ্রুপের পাচঁটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ঈদের আগের দিন থেকে বাড্ডার হোসেন মার্কেটের ষষ্ঠ ও সপ্তম তলায় আমরন অনশন শুরু করে।
অনশনের নবম দিন বিজিএমইএ দুই মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাকি একমাসের বেতন ১০ আগস্ট দেবে বলেও প্রতিশ্রুতি দেয়।
বিজিএমইএর এমন আশ্বাস প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যায় তোবার শ্রমিকরা। পরে অনশনের ১১তম দিন পুলিশ লাঠিচার্জ করে তাদের কারখানা থেকে বের করে দিলে শহীদ মিনারে প্রতীকি অনশন ও শিল্পাঞ্চলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় তারা। এরমধ্যেই উপায় না পেয়ে ২ মাসের বেতন নেয় আন্দোলনরত এই শ্রমিকরা।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





