ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ আহত হয়েছেন।
বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নতুন টিপুরদীর চৈতি কম্পোজিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আবু নাছের ভূঁঞা।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ মাষ্টার্সের প্রশ্নপত্র নিয়ে ঢাকা থেকে কুমিল্লার উদ্দ্যেশে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের নতুন টিপুরদীর চৈতি কম্পোজিট এলাকায় আসার পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে তামান্না মাহমুদকে বহন করা গাড়ি ধাক্কা দেয়। এ সময় তিনি আহত হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে থাকা প্রশ্নপত্রগুলোর কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





