রাজধানীর উত্তরা, খিলক্ষেত ও আসাদগেট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায়  বিদেশী নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর আসাদগেটে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক (২৩) যুবকের মৃত্যু হয়েছে। লোকজন  ওই পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাত ১২টায় উত্তরায় ৭নং সেক্টরের বিএনএফ টাওয়ারের সামনে প্রাইভেটকারের ধাক্কায় লাইবেরিয়ান নাগরিক ওইলিংটোন কিং (৩৭)  ঘটনাস্থলেই মারা যায়।

উত্তরা পশ্চিম থানার এসআই সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএনএফ টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায়  ওই বিদেশী নাগরিক মারাত্বক আহত হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো রয়েছে।

এদিকে, বুধবার রাত সাড়ে ৯টায় খিলক্ষেতে  লোটাস কামাল টাওয়ারের সামনে প্রাইভেটকারের ধাক্কায় প্রজেস চিশিম (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত প্রজেস চিশিম গুলশানের কালাচাঁদপুরে ‘শিশুপল্লী  প্লান্টাস’ নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক কানাইলাল মজুমদার জানান, আহত অবস্থায় তাকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুর্মিটোলা হাসপাতাল থেকে মৃতদেহ  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে