সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ।
বুধবার ভোররাতের দিকে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এই দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গিয়াস উদ্দিন (৩০) এবং মোহাম্মদ আলম (২৩)।
বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ভোররাতের দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রাম শাহ আমান সেতু এলাকা অতিক্রম করার সময় পুলিশের নিয়মিত চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালানো হয়।
এই সময় বাসের যাত্রী দুই যুবককে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদের দেহ তল্লাশির উদ্যোগ নেয়। ওই সময় এই দুই যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দেহ তল্লাশি চালাতে বাধা প্রদান করে। একপর্যায়ে পুলিশ ওই দুই যুবককে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা একজন রিকশাচালক এবং অপরজন একটি স্টুডিওর কর্মচারী বলে পুলিশের কাছে স্বীকার করে।
এই সময় দুই যুবকের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এই ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
কেএইচ





