রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মারা গেছেন বাসটির হেলপার। এ ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী।
সোমবার (০৫ জুন) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস হেলপার হলেন নওগাঁ জেলার পোরশা সদরের মুরসালিন হক (২৭)।
গুরুতর আহত বাস যাত্রীরা হলেন নওগাঁ জেলার পোরশা সদরের আব্দুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী রাবেয়া খাতুন (৪০), একই এলাকার গোলেনুর বেগম (৩৫), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের নূর হোসেন (৩৫) ও মিসবাউল হক (২২)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন অন্তত পাঁচ বাসযাত্রী।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে দুপুরে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
এমই





