চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদিনিপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতের নাম মশিউর রহমান মশি (৩৫)।তিনি উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে মশিউর রহমান মশিসহ ৯/১০ জন গরু ব্যবসায়ী গরু কেনার উদ্দেশে সীমান্তের ৬৩ নং মেইন পিলারের কাছ দিয়ে ভারতের মাঝদিয়া গ্রামে যায়। গরু নিয়ে একই পিলারের কাছ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় পুটিখালি ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মশিউর রহমান মশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে তার সহকর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর