টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চুরির মামলার আসামী শফিউল আলম শফি ও তার সহযোগীরা বাদী মোস্তাফিজুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বছরের ৪ ডিসেম্বর রাতে কালিহাতী উপজেলার যোগীপাল গ্রামের দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শফিউল আলম শফি ও তার সহযোগীদের নামে বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান মিন্টু।
মামলা করার পর থেকেই আসামী পক্ষ বাদীপক্ষকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী মোস্তাফিজুর রহমান মিন্টু জানান, আমি দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করি। এ কারণে আমার বাড়িতে কোন লোকজন না থাকাতে সুযোগ বুঝে শফিউল আলম শফি ও তার ৪/৫ জন সঙ্গী নিয়ে আমার এবং আমার বড় ভাইয়ের বাড়ির গ্রিল কেটে, দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ফ্রিজ, টেলিভিশন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, আসবাবপত্রসহ আনুমানিক দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
তিনি আরো জানান, এ ঘটনা আমার ভাতিজা এটিএম কবির কুমু দেখে ফেলে। কুমুর দেওয়া বর্ণনা মোতাবেক আমি কালিহাতী থানায় উল্লেখিত ব্যক্তি ও তার সহযোগীদের নামে একটি মামলা দায়ের করি। মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার সাথে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ গ্রেফতারের পর থেকেই আসামী পক্ষের লোকজন আমাকে এবং আমার পরিবারের লোকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার করার জন্যে উপর্যুপরি চাপ দিয়ে যাচ্ছে।
মামলার সব আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। সেই সঙ্গে গ্রেফতারকৃত আসামী যাতে জামিনে ছাড়া না পায় সে জন্যে প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম ইকবালের সাথে মোবাইলে কথা বললে তিনি জানান, বিষয়টি আমাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে। আমি তাদেরকে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।
জেডআই





