দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৩ জন। যা দেশে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ রেকর্ড। একই সময় করোনা বা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে আরো ৮৬৬১ জন।

আজ রোববার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে নয় লাখ ৪৪ হাজার ৯১৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জন।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গতকাল শনিবার (৩ জুলাই) বিকেল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মারা যায় ১৩৪ জন, যা ছিল করোনার শুরু থেকে ১ দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ছয় হাজার ২১৪ জন। এর আগে ১ জুলাই দেশে এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৩ জুলাই) এর তুলনায় রোববার দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

সর্বাধিক আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম। এর আগে আছে পাকিস্তান। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে নয় লাখ ৬২ হাজার ৩১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে এক হাজার ২২৮ জন। পাকিস্তানে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৪০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জন।

এবিএস