পবিত্র ঈদুল ফিতরের আগের দিন জামিন পেয়েও ছাড়া পেলেন না চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি কুতুবউদ্দিন শিবলী। সোমবার জামিনে জেল থেকে বাহির হওয়ার পর জেলগেটেই তাকে আটক করা হয়েছে।
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এরপর সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল আটক করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
কারা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে ১৫টি মামলায় কুতুবউদ্দিন আগেই জামিন পান। সর্বশেষ দু’টি মামলায় তার জামিন আদেশ পৌঁছে রোববার রাতে। দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে সোমবার বিকালে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
তাকে মুক্তি দেয়ার পর ফের তাকে পুলিশ গ্রেফতার করে। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর, রাস্তা ব্যারিকেড, অগ্নিসংযোগসহ নানা নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়েছে। এগুলোর সঙ্গে তিনি সরাসরি জড়িত না থাকলেও নেপথ্য পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





