জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে স্কুলছাত্রী সুমি আক্তার (৬) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে একযোগে উপজেলার ২০৭টি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ২০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গত ৪ নভেম্বর উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের হামেদ মৃধার ছোট মেয়ে সুমিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ টুকরো করে দুর্বৃত্তরা। ওইদিন রাতে তার খণ্ডবিখণ্ড লাশ বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনার পরদিন সুমীর মা শাহিনুর বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা করেন। মামলায় খলিলুর রহমান মৃধা, আবদুল জলিল হাই মৃধা, আবদুল্লাহ মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

এর মধ্যে আবদুল জলিল হাই মৃধা জলিলকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদের এখনও গ্রেফতার করতে পারেনি।

সুমি নিজামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজ জানান, সুমি হত্যাকারীদের সহযোগী হাই মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল ঘাতক খলিল এখনও পলাতক রয়েছে। তাকে ধরার জন্য সম্ভাব্য সকল স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

কলাপাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক এই মানববন্ধনের আয়োজন করে।

জেআই