রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মতিহার থানার এলাকার ইব্রাহিমের স্ত্রী ববিতা বেগম (৩৫) এবং তার মেয়ে রাইসা (৪)। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই ট্রাকে আগুন দিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ববিতা নগরীর সাহেববাজার থেকে ঈদের বাজার করে রিকশায় বাড়ি ফিরছিলেন।
এসময় নাটোর থেকে রাজশাহীগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ববিতা ও তার মেয়ে মারা যায়।
এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তবে ট্রাকের চালক এবং তার সহযোগী পালিয়ে গেছেন।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, ‘বর্তমানে আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দমকল বাহিনীর সদস্যরা ট্রাকের আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।’
এমআর





