কুমিল্লার দেবিদ্বার থেকে অপহৃত খাদিজা আক্তারকে (৭) চার দিন পর ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় সোহেল নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে।

রোববার তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

সূত্র জানায়, গত ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মোশারফ মিয়ার শিশুকন্যা খাদিজা আক্তার নিখোঁজ হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা দেবিদ্বার থানায় জিডি করেন। এরপর শিশুর মামার মোবাইল নম্বরে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হলে অপহরণের বিষয়টি প্রকাশ পায়।

এতে শিশুটিকে উদ্ধারের জন্য তার মা আমেনা আক্তার জেলা ডিবি পুলিশের সহায়তা চান। এরপর ডিবি পুলিশের একটি দল অপহরণকারীদের মোবাইল ফোন নম্বরের কললিস্টের সূত্র ধরে ওই শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে।

এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, রোববার ভোররাতে আশুলিয়া থানাধীন কুমকুমারী বাজারসংলগ্ন এলাকা থেকে অপহরণকারী সোহেল আহম্মদকে (২৫) আটক এবং শিশুটিকে উদ্ধার করা হয়। আটক সোহেল নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার রাজিবপুর গ্রামের আহাদ ফকিরের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে অপহরণকারী সোহেল জানায়, দেবিদ্বার এলাকায় দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করার সময় অপহরণকারী একটি চক্রের সঙ্গে তার পরিচয় হয়।

সে ঋণের টাকা পরিশোধের জন্য তাদের সহায়তায় শিশু খাদিজাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে বিকেলে দেবিদার থানায় মামলা হয়েছে।

এমকে