মৃত ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার গভীর রাতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের হরিণা গ্রামে এ অভিযান চালানো হয়। কিন্তু ১৩ বছর আগে তিনি মারা গেছেন।

জানা গেছে,  হরিণা গ্রামের বেপারীবাড়ির আবু সুফিয়ান পূবালী ব্যাংক, কুমিল্লা শাখায় জুনিয়র অফিসার পদে চাকরি করতেন। জাল টাকা নিজ দখলে রাখার অভিযোগে ১৯৯০ সালের ৫ অক্টোবর তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নং- ৫, জিআর মামলা নং- ২৩৩/১৯৯০, ধারা: ১৯৯০ সালের বিশেষ ক্ষমতা আইনের ৯ (ক)। এর পর আত্মপক্ষ সমর্থন করে আবু সুফিয়ান ওই মামলায় লড়াই করেন। একপর্যায়ে ২০০১ সালে তিনি মারা যান।

প্রায় ২৪ বছর পর এ বছরের  ৫ এপ্রিল মামলার রায় ঘোষণা হয়। রায়ে তার ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর তাকে গ্রেফতারের ওয়ারেন্ট এসে পৌঁছে ফরিদগঞ্জ থানায়। ফরিদগঞ্জ থানা পুলিশের একটি বহর তাকে ধরতে অভিযান চালায় তার বাড়িতে। এ সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী শাহিনা বেগম (৫০), দু’ছেলে মাহফুজ আলম সুজন (৩০), সোহেল হোসেন রাজু (২৬) ও একমাত্র কন্যা শামছুন্নাহার সুমী।

সোহেল জানান, গভীর রাতে দরজার কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেই। তখন হুড়মুড় করে একদল পুলিশ আমাদের ঘরে ঢুকে যায়। তারা আমার বাবার নাম জানতে চাইলে বাবার নাম বলি। সঙ্গে সঙ্গে তারা আমাদের প্রত্যেকটি কক্ষে কি যেন খুঁজতে থাকে। একপর্যায়ে আমার বাবা কোথায় জানতে চায়। জবাবে জানাই, বাবা ২০০১ সালে মারা গেছেন। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করে চলে যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মুসলিম বেপারী (৬০) বলেন, আবু সুফিয়ান ২০০১ সালে মারা গেছেন। মৃত ব্যক্তিকে গ্রেফতারে অভিযানের এ ঘটনায় হরিণা গ্রাম এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ