লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আওয়ামী লীগকর্মী আহসান উল্যাকে (৪৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার ভোরে ওই আওয়ামী লীগকর্মীর মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যা প্রকৃত কারণ জানা যায়নি। নিহত আহসান একই ইউনিয়নের নন্দীগ্রামের সুলতান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগকর্মী আহসান উল্যা শবে-কদরের নামাজ ও দোয়া শেষে রাত সাড়ে তিনটার দিকে পোদ্দার বাজার থেকে নিজ বাড়ি নন্দীগ্রামে ফিরছিলেন। পথে বাড়ির কাছাকাছি পৌঁছলে একদল স্বশস্ত্র সন্ত্রাসী তাকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন শনিবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে পথে আহসানের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহসানের মৃতদেহ উদ্ধার করে।
বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন জানান, নিহত আহসান উল্যাহনন্দীগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তাকে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





