সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, শর্তপূরণ সাপেক্ষে দিনাজপুর ও ময়মনসিংহকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি সরকার বিবেচনা করছে।
সিটি করপোরেশন গঠনের শর্ত অনুযায়ী পৌর এলাকার জনসংখ্যা ন্যূনতম চার লাখ হতে হবে, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হবে তিন হাজার, বছরে স্থানীয় আয়ের উৎস ৫ কোটি টাকা এবং আয়তন ন্যূনতম ২৫ বর্গকিলোমিটার হতে হবে।
আজ সোমবার বিকাল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। পিনু খানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটির ১৩টি সরকারি ও ১৫টি বেসরকারি কাঁচাবাজারকে ফরমালিন ও ভেজালমুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে বাকি বাজারগুলোতে এই নির্দেশনা দেওয়া হবে।
এ ছাড়া তিন মাসের মধ্যে প্রথম ধাপে ঢাকা উত্তর সিটির ১৫টি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে এবং ফরমালিন শনাক্ত করার বুথ স্থাপন করা হবে। পৌরসভাগুলোর হাট-বাজারকে ফরমালিনমুক্ত করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নজরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টের আওতায় ঢাকা মহানগরের জলাবদ্ধতা দূর করতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় কল্যাণপুর খাল, দ্বিগুণ খাল, আবদুল্লাহপুর খাল, বাউনিয়া খাল, মহাখালী খাল, শাহজাদপুর খাল, সুতিভোলা খাল, জিরানি খাল, খিলগাঁও খাল, বাসাবো খাল ও শাহজাহানপুর খালের খননকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এসএইচ





