নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বস্তিতে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কাছে মেঘনা ও যুমনা তেলের ডিপোর পাশের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন।
খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চন্দ্র সেন নামের এক ব্যক্তির শরীরের বেশকিছু অংশ পুড়ে গেছে। তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন নেভাতে গিয়ে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, ‘দুটি জ্বালানি তেলের ডিপোর সামনে আগুন লাগায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় স্বস্তি ফিরে আসে।’
কি কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তা মোমতাজ।
এমআর





