চট্টগ্রামের আনোয়ারায় সার কারখানায় ছড়িয়ে পড়া গ্যাস অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গ্যাসের তীব্রতায় অসুস্থ ব্যক্তিদের মধ্যে নয়জন হাসপাতাল ছেড়েছেন। অন্যরা ভালোর দিকে।
চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, লোকজনকে আতঙ্কিত না হতে মাইকিং করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাঁকে বলেছেন, পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে এসেছে। দুর্ঘটনার কারণ জানতে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে,আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ।
ফায়ার সার্ভসের চট্টগ্রাম অফিস অঞ্চলের ওয়্যারহাউস পরিদর্শক দোলন আচার্য বলেন, কারখানার পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ঘণ্টা দুয়েক সময় লাগতে পারে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য আব্দুল হালিম বলেন, অসুস্থদের মধ্যে নয়জন হাসপাতাল ছেড়ে চলে গেছেন। অন্যরা আশঙ্কামুক্ত।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অ্যামোনিয়াম ফসফেটের বার্নাল (আধার) বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় গ্যাস ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর অ্যামোনিয়া গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়া অন্তত ৫০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাত একটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ ব্যক্তিদের দেখতে যান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। এ সময় সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, গ্যাস ছড়িয়ে পড়লেও আতঙ্কের কিছু নেই। যেসব এলাকায় গ্যাস ছড়িয়েছে, সেখানকার বাসিন্দাদের মাস্ক না পরা এবং আগুন না জ্বালানোর পরামর্শ দেন তিনি।
এমবিএইচ





