ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলার রামকৃষ্ণপুরর ইউনিয়নের সোনাতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (২৩) ও ইকবাল হোসেনের ছেলে বাপ্পারাজ (২২) ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশে ৮৫/১০-আর সীমান্ত পিলার সংলগ্ন ছলিমেরচর সীমান্ত দিয়ে ভারত ভূ-খন্ডে প্রবেশ করে।
এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের আটক করে নিজ ক্যাম্পে নেয়। খবর পেয়ে চিলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফেরত চেয়ে বিএসএফর নিকট পত্র দিয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ পত্রের কোনো জবাব দেয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে। এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ জানান, বিএসএফর হাতে আটককৃতদের ফেরতের চেষ্টা চলছে।
এমকে





