জাতীয় সংসদ ভবন থেকে: আল্লাহর নিরানব্বই নাম নিয়ে বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী নিউ ইয়র্কে যে বক্তব্য দিয়েছেন তার দায়-দায়িত্ব সরকারের নয়। এ নিয়ে সরকারের কিছু করার নেই বলেও মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী। একই সঙ্গে গাফফার চৌধুরীকে তার বক্তব্যের জন্য তওবা পড়ার অনুরোধ করেন ফরাজী।

সোমবার দুপুরে জাতীয় সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন তিনি।

রুস্তম আলী ফরাজী বলেন, ধর্মের প্রতি সবার অগাধ বিশ্বাস রয়েছে। আমরা ধর্মের প্রতি সংবেদনশীল। এখানে আওয়ামী লীগের যারা রয়েছেন তারাও ধর্মবিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিয়সী ধর্মপ্রাণ মানুষ। তিনি নামাজ-রোজা করেন, কোরাআন তেলাওয়াত করেন ও হজ্জ করেছেন। ধর্মপ্রাণ হিসেবে দেশের মানুষের কাছে তিনি প্রশংসিত। কিন্তু হঠাৎ করে একেক জন একেক কথা বলেন, আর তা নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়।

তিনি বলেন, এর মধ্যে লন্ডন প্রবাসী আব্দুল গাফফার চৌধুরী নিউ ইয়র্কে আল্লাহর নিরানব্বই নাম নিয়ে কী কী বলেছেন! তিনি এসব কথা বলতে পারেন না। তাকে আমি অনুরোধ করছি তওবা করতে হবে। তার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের বলবো তাকে তওবা করার অনুরোধ করুন। এ ব্যপারে সরকারের কোনো দায়-দায়িত্ব নেই। এটা সরকারের বিষয় না, সরকারের কিছু করার নেই।

এএইচ