করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জন।

একইদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৩৩৮ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২১৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৯৩১ জন। এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২২৪টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২৬ হাজার ৬৭১টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

মৃত ৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, সিলেটে ২ জন ও রংপুর বিভাগে ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫২ জনের মধ্যে বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব পাঁচ, চল্লিশোর্ধ্ব আট, পঞ্চাশোর্ধ্ব আট ও ষাটোর্ধ্ব ৩০ জন।

এমবি