প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে কারো কটাক্ষ সহ্য করা হবে না। তিনি বলেছেন বাংলাদেশে প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম পালনের সুযোগ নিশ্চিত করবে সরকার।

জাতীয় খতিব সম্মেলনের উদ্বোধন করে শেখ হাসিনা আরো বলেন, ইসলামে জঙ্গিবাদের কোনও স্থান নেই।

কিন্তু এক সময় বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর নামে যুদ্ধাপরাধীদের অপকর্মে অর্থায়ন হয়েছে।

ইসলামী ফাউন্ডেশনে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং জাতীয় খতির সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে ইমাম ও মুয়াজ্জিনরা জড়ো হন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এ সময় ইসলাম চর্চা এবং এর প্রসারে তার সরকারের নেয়া উদ্যোগ গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, পবিত্র ধর্ম ইসলামকে কেউ কেউ ক্ষমতায় আসার মাধ্যম হিসেবে ব্যবহার করলেও, ক্ষমতায় গিয়ে তারা ইসলামের জন্য কিছুই করেনি।

যারা ইসলামের অপব্যাখ্যা করে তাদের থেকে সাবধান থাকতেও সবার প্রতি আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোনো ভাবেই এ ধর্মে জঙ্গিবাদের স্থান নেই।

ইসলামী ফাউন্ডেশনের কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দেশের ৪৩ জেলায় এর কার্যালয় এবং জনশক্তিকে রাজস্ব খাতে স্থানান্তরের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান মাদ্রাসা শিক্ষাকে আরো আধুনিক এবং যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা খুব কম সময়ই ক্ষমতায় থেকেছেন। এই স্বল্প সময় তিনি দেশ থেকে মদ-জুয়াসহ সকল গর্হিত ও ইসলামবিরোধী বিষয়গুলো নিষিদ্ধ করে গেছেন।

ইসলাম প্রচার ও প্রসারে কাজ করে গেছেন তিনি। তার কল্যাণেই বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে।

 

এসএম