সুন্দরবনে রবিবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছয় চোরা শিকারীর লাশ ময়নাতদন্তের জন্য সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
এদিকে ‘বন্দুকযুদ্ধ’র ঘটনায় কয়রা থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।
কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশগুলি কয়রা নিয়ে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে রবিবার নিহতদের স্বজনদের নিজ বাড়িতে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ছয়টি লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে এখানে আনা হয়েছে।
উল্লেখ্য রবিবার বিকেল চারটার পর সুন্দরবনের মান্দারবাড়িয়াই কয়রা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই ছয় বাঘ শিকারী নিহত হয়। এই সময় ঘটনাস্থল থেকে তিনটি ১০ ফুট লম্বা বাঘের চামড়া ও পাঁচটি অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
এএইচ





