রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ ও পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরের এ ঘটনায় আটজন আহত হন। এ সময় কলেজগেট এলাকার কয়েকটি দোকান ভাঙচুর ও দু’টি মোটরসাইকেল পোড়ানো হয়।
আহতরা হলেন- ছাত্রলীগকর্মী অর্ণব ত্রিপুরা, কলেজগেট এলাকার ব্যবসায়ী আকতার, রাসেল, মো. শাহ আলম, আলম, হোটেল কর্মচারী মোমিনুল, পাহাড়ীকা বাস সার্ভিস কাউন্টারের হাসান ও পথচারী ইউসুফ।
পিসিপির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা জানান, কলেজে অবস্থানরত ছাত্রলীগের কর্মীরা বিনা উস্কানীতে পিসিবিকর্মীদের ওপর হামলা চালায়।
তবে রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা বলেন, পরিকল্পিতভাবে পিসিপিকর্মীরা ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
রাঙ্গামাটি পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর যৌথ টিম টহল দিচ্ছে।
কেএইচ





