কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর জাদিমুরা মোহনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় সুমন তালুকদার নামে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি টেকনাফ-৪২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদজানান, নাফনদীতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারযোগে একদল দুর্বৃত্ত এসে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করে। এতে বিজিবি সদস্য সুমন আহত হন। এ সময় বিজিবিও ৩০ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।

তিনি আরও জানান, আহত সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চোরাকারবারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপরও পুরো বিষয়টি নিশ্চিত হতে বিজিবি তৎপর রয়েছে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ