আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, যাদের জন্ম সামরিক ঘরে, তারা যদি গণতন্ত্রের সংজ্ঞা নতুন করে শেখাতে চায় তাহলে এটা জাতির কাছে হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না।

এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগকে গণতন্ত্র শেখানোর জন্য কারো প্রয়োজন নেই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে মুক্তি মিত্র স্মৃতিসৌধ  উদ্বোধনের পর সাংবাদিকদের এ সব কথা বলেন।

পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, এই নির্বাচন সমস্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে দিকটি বিবেচনা করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা হচ্ছে। আমরা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসনকে সহযোগিতা করতে।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের গর্ভনর শ্রী তথাগত রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।

এমএ