ভারতের আসাম রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে অবশ্য পশ্চিমবঙ্গ এ শনাক্তকরণের কাজে পড়ছে না।
শুক্রবার দিল্লি থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় সরকার চাইছে, আসামসহ গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে শুরু হবে এই অনুপ্রবেশকারী শনাক্তকরণের কাজ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনের প্রচারকালে বলেছিলেন, তাঁর দল বিজেপি ক্ষমতায় এলে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসা অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের ফেরত পাঠাবেন। ক্ষমতায় আসার পর আসাম থেকে কাজটি শুরু করতে যাচ্ছেন নতুন এই প্রধানমন্ত্রী।
১৯৭১ সালের পর যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী ওই রাজ্যে এসে বসবাস করছেন, প্রথমে সেই তালিকা তৈরি করবে আসাম সরকার। এই লক্ষ্যে আসাম সরকার তৈরি করবে একটি জাতীয় নাগরিক রেজিস্টার। এই জাতীয় নাগরিকদের তালিকা করতে মোদি সরকার ২৬০ কোটি রুপি বরাদ্দও করেছে।
পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, যেসব মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁদের সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের ফারাক রয়েছে। আসাম সরকার মনে করছে, আসামের জন্য এটা কঠিন কাজ হবে। এই তালিকা তৈরি করতে কমপক্ষে দুই বছর সময় লেগে যাবে। কারণ রাজ্যের সব বাসিন্দাকেই একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। তারপর ওই ফরম দেখে বাছাই করা হবে প্রকৃত ভারতীয় নাগরিক ও বেআইনি অনুপ্রবেশকারীদের।
ঢাকা, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





