সৌদি সরকার কর্তৃক নিষিদ্ধ ৪১টি হজ এজেন্সীর মধ্যে বেশ কয়েকটি হজ এজেন্সি অন্য এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের হজে পাঠানোর জন্য অর্থ সংগ্রহ করেছে। ফলে এবছরও অনেক হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন না।

সম্প্রতি সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়কে এসব তথ্য জানিয়ে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পাশাপাশি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্য কোনো  এজেন্সি যাতে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করতে না পারে সেজন্য ধর্ম মন্ত্রণালয়কে আরও কঠোর হওয়ার  পরামর্শ দিয়েছেন তারা ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর হজের প্রাককালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প থেকে অনেক হজ এজেন্সির হজযাত্রীরা পায়ে হেটে বিমানবন্দরে গিয়েছেন।

এ ঘটনা একদিকে যেমন হাজীদের জন্য কষ্টসাধ্য অন্যদিকে হজ ব্যবস্থাপনা নিয়ে হাবের সদস্য এজেন্সিগুলোর হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করারও প্রমাণ।

এসব হজ এজেন্সির কারণে সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি সরকারের মনিটরিং যে অত্যন্ত দুর্বল তাও প্রমাণিত হয়।

সৌদি সরকার কর্তৃক নিষিদ্ধ হজ এজেন্সিগুলোর মধ্যে অন্যতম একটির নাম স্বরূপ মুনিরা ট্রাভেলস এ্যান্ড টুরস। প্রতিষ্ঠানটি হজে যেতে ইচ্ছুক অনেক যাত্রীদের কাছ থেকে হজে পাঠাবে বলে টাকা নিয়েছে বলে জানা গেছে। ফলে অনেক হজযাত্রী প্রতারণার শিকার হয়ে এবারও হজে যেতে পারবেন না।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য ৯৮ হাজার ৭৬২ জন সৌদি আরবে যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩৪টি ফ্লাইটে ৪৮ হাজার ৫০০ জন, সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং সৌদি এয়ার লাইন্সের ১২৫টি ফ্লাইটে ৫০ হাজার জন হজে যাবেন।

বিমানের হজ ফ্লাইট ২৭ আগস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত।

এদিকে হাজিদের সুবিধার্থে ১৮০ সদস্যের মেডিকেল টিম সৌদি যাচ্ছে। এছাড়াও প্রশাসনিক টিমে ৩৫ জন এবং আইটি টিমে রয়েছেন ২০ জন সদস্য। তারা হজের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত জেদ্দা, মক্কা, মদিনা, মিনা ও তায়েফে অবস্থান করবেন।

প্রসঙ্গত, সৌদিতে কালো তালিকাভুক্ত হজ এজেন্সিগুলো হচ্ছে- এয়ার কক্স ইন্টারন্যাশনাল লিঃ (০০৭), আল-আমানত ট্রাভেলস (০১১), আল-ফাতিহা ট্রাভেলস (০০১৫), বি এম এস ট্রাভেলস (০০৩৪), সেন্ট্রাল ট্রাভেলস (০০৪৪), গালফ ট্রাভেলস এন্ড ট্যুরস (০০৬৫), হাই লিংকস ট্রাভেলস ইন্টারন্যাশনাল (০০৬৮), রাহাত ট্রাভেলস এন্ড ট্যুরস (০১১৮), রাজন ওভারসীজ (প্রাঃ) লিঃ (১২০), এস বি আগা এন্ড কোং (১২৪), ট্রাইটন ওভারসীজ লিঃ (১৬১), যোগাযোগ ট্যুরস এন্ড ট্রাভেলস (১৭৫), নিশান ওভারসীজ (১৮৩), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ট্রাভেলস (২০১),   আল-আমিন এভিয়েশন (২১৫), হান্না ট্রাভেলস এন্ড ট্যুরস (২৬৭), আল-জিয়া এয়ার ইন্টারন্যাশনাল (২৭৫), সোনিয়া ট্রাভেলস (২৮০), মাসুদ ট্রাভেলস এন্ড ট্যুরস (২৮৪), রফিক ট্রাভেলস (২৮৯), রব্বানী ওভারসীজ (৩১৩), এসএইচ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৩১৫), ট্রাভেলস স্কাই ইন্টারন্যাশনাল (৩৪১), গ্রীণ হিল ট্রাভেলস (৩৫৬), আবাবিল ট্রাভেলস এন্ড ট্যুরস (৩৫৮), স্বপ্নপুরী ইন্টারন্যাশনাল (৫০১), গোল্ড জয় ট্রাভেলস এন্ড ট্যুরস (৫০৭), মিনি ট্রাভেলস এন্ড ট্যুরস (৫২৬), সাদমান এয়ার সার্ভিসেস (৫১৯), আশিফ ট্যুরস এন্ড ট্রাভেলস (৫৫৪), রব্বানী ওভারসীজ সার্ভিসেস (৫৬৪), সউদী বাংলা হজ সার্ভিসেস (৫৬৭), কসকেড ট্রাভেলস এন্ড ট্যুরস (৭১৩), হোমায়রা হজ ট্রাভেলস লিঃ (৮২৭), জানুস ট্রাভেলস এন্ড ট্যুরস (৮৫৩), জিয়ারত ই-ক্বাবা ট্যুরস এন্ড ট্রাভেলস লিঃ (৮৫৮), সালাম ট্রেডিং ইন্টারন্যাশনাল (৯৬৬), মুনিরা ট্রাভেলস এন্ড ট্যুরস (১০৫৮), সন্দ্বীপ ট্রাভেলস ইন্টারন্যাশনাল (১১৬৩), সউদী হজ এয়ার সার্ভিসেস (১১৬৯)।

ঢাকা, ১সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ