সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।

ফলে নির্ধারিত কোটার বিপরীতে এখনো প্রায় ৭৪ হাজার ৭৫৯ জনের নিবন্ধন বাকি রয়েছে।

এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে হজযাত্রী, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে যুক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, নিবন্ধন শেষে সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা জানানো হবে। এরপর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ পাঠানোর পাশাপাশি হজযাত্রীদের মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজে গমন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এস