রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে পিটিয়ে তাসলিমা বেগম রেনু হত্যার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভূলতা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ভূলতা এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করেছে ডিবি পুলিশের পূর্ব বিভাগের একটি টিম। বর্তমানে হৃদয় ডিবি পুলিশের হেফাজতেই রয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (২০ জুলাই) সকালে স্কুলে সন্তানের ভর্তির খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মারা যান রেণু।
এ ঘটনার পর এদিন রাতেই নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫শ জনকে আসামি করা হয়েছে।
এএস





