হবিগঞ্জে সদর উপজেলার সুতাংয়ে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ১০ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
নিহতদের ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সুদিয়াকলা গ্রামের নূরুল ইসলামের ছেলে জয়নাল মিয়া (২৫), বানিয়াচং উপজেলার রহমতপুরের হারিস মিয়ার স্ত্রী নৌবল বিবি (৪৫) ও মেয়ে আম্বিয়া খাতুন (৩০), চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামের সেকেন্দারের ছেলে মকসুদ মিয়া (৬০), মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় রশিদুরা গ্রামের আহমেদুল হক (৬৫), একই উপজেলার কাজীরগাঁও গ্রামের মজিবুর (৫৫), আবদুল মান্নানের ছেলে জামিল আহমেদ (২০) ও মৃত আমীর হোসেনের ছেলে মামুন (৩০)। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মামুন মারা যান।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহত জিপের যাত্রী কামাল জানান, উপজেলার সুতাংয়ে সকাল ৭টার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রাক মাধবপুরগামী একটি জিপকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে জিপটি অন্য একটি ট্রাক্টরের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও আটজন মারা যান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





