বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারতের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার কিলোমিটার এলাকা নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের দেয়া রায়ে বাংলাদেশের দাবি প্রতিষ্ঠিত হয়নি।

মঙ্গলবার রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই রায়ে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। সে জন্য রায় আশানুরূপ হয়নি। 

বিএনপির এ জেষ্ঠ্য নেতা বলেন, ‘এই রায়ে বাংলাদেশের যে দাবি ছিলো তা প্রতিষ্ঠিত হয়নি। বিশেষ করে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ওপর ভারতের ওভারলেপিং আছে। একই সঙ্গে কন্টিনেন্টাল (মহাদেশীয়) জোনের ওপর ভারতের আধিপত্য আছে। এটাকে রায়ের অসঙ্গতি বলে মনে করি। এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ওপর আরেকটি দেশ ওভার লেপিং  করবে তা হয়না।’

তিনি বলেন, রায়ে বাংলাদেশ তালপট্টি দ্বীপ অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অথচ এই দ্বীপটি আমাদের ছিলো।
হাফিজ বলেন, ‘সমুদ্রসীমা নির্ধারনে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে সমাধান চেয়েছিলো। কিন্তু ভারতে চায় ইকুইটি ডিসটেন্সের ভিত্তিতে এর সমাধান হোক। শেষ পর্যন্ত কিছু এডজাস্টমেন্টসহ সেই পদ্ধতিই প্রতিফলিত হয়েছে। সেজন্য ফল আশানুরূপ হয়নি।’

বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার কিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার কিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে ভারতের সঙ্গে নতুন সমুদ্রসীমা নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক সালিশি আদালত।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই রায়ের ফলে বাংলাদেশ ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।’

বঙ্গোপসাগরের সীমা, অর্থনৈতিক অঞ্চল এবং মহীসোপানের তলদেশে সার্বভৌম অধিকার নিয়ে বাংলাদেশ ও ভারতের দাবির শুনানি শেষে নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ) সোমবার রায়ের অনুলিপি দুই দেশের রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে। সূত্র: রাইজিংবিডি।

ঢাকা. ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ