মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা উপলক্ষে জেলায় বৃহস্পতি ও রোববারের হরতাল প্রত্যাহার করেছে জামায়াতে ইসলামী।

বুধবার রাত ৯টায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহকে দেয়া এক চিঠিতে জেলা জামায়াতের আমীর মো. আলমগীর বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, মাগুরার ঐতিহ্যবাহী এ পূজা পালনের সুবিধার্থে কেন্দ্রীয় সংগঠনের অনুমতিক্রমে আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার ও ২ নভেম্বর রোববার মাগুরা জেলাকে হরতালমুক্ত ঘোষণা করা হলো।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ জানান-প্রায় শত বছরের ঐতিহ্যবাহী মাগুরার হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী কাত্যায়নী পূজার সপ্তমী ও দশমীর দিনে জামায়াতের হরতাল ডাকায় আমরা তাদের কাছে হরতাল প্রত্যাহারের অনুরোধ জানাই।

এ অনুরোধে সমর্থন জানিয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর ফলে কাত্যায়নী পূজায় হরতালের কোনো প্রভাব পড়বে না বলে আমাদের বিশ্বাস।

উল্লেখ্য, প্রায় শত বছর ধরে মাগুরায় দুর্গাপূজার পরিবর্তে কাত্যায়নী পূজা এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর পূজা উপলক্ষে শুক্র ও শনিবার কমপক্ষে ২০ লাখ দর্শনার্থী মাগুরা শহরে আসবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

হরতাল প্রত্যাহার করায় দর্শনার্থীর কমতি হবে না বলেই মনে করছেন তারা। এ বছর মাগুরায় ৬৭টি পূজা মণ্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজ ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। রোববার দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ পূজা।

এআর