বন্ধ হতে যাওয়া মুঠোফোন অপারেটর সিটিসেলের বিরুদ্ধে বকেয়া আদায়ে মামলা করেছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক কোম্পানি বেঞ্চে মামলাটি করা হয়।

সিটিসেলের অন্যতম অর্থায়নকারী প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। সিটিসেলের কাছে তাদের পাওনা ৩ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার।

এই মামলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) বিবাদী করা হয়েছে। আদালতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব উল আলম। বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

এদিকে মামলায় পক্ষভূক্ত হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিলুপ্তির আগেই সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা দাবি করেছেন।

বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক কোম্পানি বেঞ্চে মামলা শুনানিকালে বিটিআরসি তাদের বক্তব্য তুলে ধরেন।

অপরদিকে মামলার শুনানি চার সপ্তাহ পেছানোর আবেদন করেন সিটিসিলের আইনজীবী মো. আসাদ। আদালত সিটিসেলের সময় আবেদন ও বিটিআরসির অর্থ চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানির জন্য ৪ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

পরে বিটিআরসির আইনজীবী রেজা-ই রাকিব সাংবাদিকদের জানান, যেহেতু রাষ্ট্রের একটি বিধিবদ্ধ সংস্থা বিটিআরসি। এটা রাষ্ট্রের অর্থ। তাই সিটিসেল বিলুপ্ত হয়ে গেলে আমাদের এই অর্থ যেন সর্বাগ্রে পরিশোধের ব্যবস্থা করা হয় সে জন্য আমরা আবেদন করেছি। আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

প্রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল। বকেয়া পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিল সিটিসেল। তবে সেটি আমলে না নিয়ে আজ বুধবার থেকে অপারেটরটির কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে পাওনা আদায়ে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক মামলাটি করেন।

এমএনজে