ভোলা শহরের বিরেন্দ্র বিজয় রায় চৌধুরীর বাড়ির মন্দিরে দুর্গা পূজার প্যান্ডেলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় মন্দিরের সেবাহিত বাবুলকে লাঞ্ছিত করা হয়। এছাড়া একজন ফটোসাংবাদিক ছবি তুলতে গেলে তার ক্যামেরা ভাঙচুরের চেষ্টাসহ তাকে হুমকি দেওয়া হয়।
সোমবার সকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভোলা হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরেন্দ্র বিজয় রায় চৌধুরী বাড়ির মন্দিরের জমি নিয়ে সার্কুলার রোডের ইউনুস মিয়ার সঙ্গে ৯৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে আদালতে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ইউনুস মিয়ার মামলা চলছে। বিরোধপূর্ণ জমিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ প্যান্ডেল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করে।
মন্দিরের সেবাহিত বাবুল জানান, তারা গত দুই দিন ধরে পূজার প্যান্ডেলের কাজ করছিলেন। আজ সোমবার সকালে মন্দিরের জমির দাবিদার ইউনুস মিয়ার ছেলে রাজিব মন্দিরের সেবাহিত বাবুলের গলায় চাকু ধরে। এসময় উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে এলাকার লোকজন বাবুলকে উদ্ধার করে। খবর পেয়ে স্থানীয় দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ফটোসাংবাদিক লক্ষ্মণ চন্দ্র দাস ছবি তুলতে গেলে তাকে বাধা দেন ইউনুস মিয়া। তার ক্যামেরা ভাঙচুর করা হবে বলেও হুমকি দেয়া হয় বলে জানান লক্ষ্মণ দাস।
ইউনুস মিয়ার ছেলে রাজিব বলেন, যে স্থানে মন্দির রয়েছে ওই জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা রয়েছে। তাই তারা প্যান্ডেল নির্মাণে বাধা দিয়েছেন।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে পূজা শেষ হওয়া পর্যন্ত ওই মন্দিরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্বান্ত নেয়া হয়েছে। ভাঙচুরের ঘটনায় কেউ মামলা না করায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





