কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬জুলাই) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মোশারফ হোসেন উপজেলার কুর্শা ইউনিয়ন কাটদহচর গ্রামের মৃত শাহাজদ্দিনের ছেলে।
স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) লিটন আহম্মেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুর্শা ইউনিয়নের খালমাগুরা গ্রামের একটি গাছের নিচে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে এবং এর সাথে কেউ জড়িত আছে কি না সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর আলী জানান, কোনো নারী ঘটিত কারণে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সবুজ/জারিফ





